রাজধানীর মগবাজারে অবস্থিত আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে ছয় শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে।

বুধবার (২৭ মে) সকালে ডিএমপি রমনা জোনের সহকারী পুলিশ কমিশনার মাজহারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, হাসপাতালের পোস্ট অপারেটিভ রুমে মোট ১১ জন মা ও ৬ শিশু ছিল। রাত ২টা থেকে ৩টার দিকে একজন মা বেশি ঠান্ডা লাগায় এসি বন্ধ করতে বলেন। পরবর্তীতে ১ ঘণ্টার জন্য এসি বন্ধ করা হয়। এ সময় অন্যান্য শিশুদের শ্বাসকষ্ট তৈরি হয়। পরে ভোর ৬টা থেকে শিশুদের অবস্থা খারাপ হতে শুরু করে এবং একে একে ৬ শিশুর মৃত্যু হয়।

হাসপাতাল কর্তৃপক্ষের দাবি যেহেতু ওই রুমে কোন ভেন্টিলেশন ছিল না, তাই হয়তো এসি বন্ধ রাখায় শ্বাসকষ্ট বা সাফোকেশনের কারণে শিশুগুলোর মৃত্যু হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের সহকারী কমিশনার (এসি) মো. মাজহারুল ইসলাম গণমাধ্যমকে জানান, হাসপাতালটিতে ছয় শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে পুলিশের ক্রাইমসিনসহ তদন্ত দল রয়েছে। শিশুগুলো কিভাবে মারা গেছে সেটি খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশ সূত্রে জানা গেছে, মারা যাওয়া শিশুদের বয়স হবে এক থেকে দুই দিন, সবাই পোস্ট অপারেটিভ ওয়ার্ডে ছিল।